ধর্ষকদের কঠোর হস্তে দমন করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০ ৫:০৩ অপরাহ্ণ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ধর্ষণকারীরা যে পরিচয়ই ব্যবহার করার চেষ্টা করুক না কেন, তাদের কঠোর হস্তে দমন করার জন্য সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, এর আগেও এ ধরনের যেসব ঘটনা ঘটেছে তার অনেকগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, অনেক শাস্তি কার্যকরও করা হয়েছে।

সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক শিশুতোষ গ্রন্থ ‘আমি হবো আগামী দিনের শেখ হাসিনা’ এর প্রকাশনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তারা হচ্ছে দুষ্কৃতকারী। তাদের কোনো অন্য পরিচয় থাকতে পারে না। সরকার এ ধরনের দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, আগে সামাজিক যোগাযোগমাধ্যমের এমন ব্যাপকতা ছিল না। তাই অনেক ঘটনাই আড়ালে থেকে যেত। এখন বেশিরভাগ ঘটনা আড়ালে থাকে না। প্রায় সব ঘটনাই প্রকাশ্যে আসে। এ বিষয়টি ভালো।

তথ্যমন্ত্রী বলেন, এতে করে সরকারের ও প্রশাসনের পক্ষ থেকে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহজতর হচ্ছে। এগুলো নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন