চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ওসমান অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৫ অপরাহ্ণ

ট্টগ্রাম কোতোয়ালি থানার একটি ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে শীর্ষ সন্ত্রাসী ওসমান মিয়াকে (২৯) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর আকবরশাহ এলাকা থেকে আরিফ নামে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওসমান আকবরশাহ এলাকার ত্রাস। আকবরশাহ এলাকায় ছিনতাই, জমি দখলসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারকালে ওসমানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ককটেল ও ১১টি রামদা উদ্ধার করা হয়েছে।’

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, ওসমান ছিনতাইও করত। তার ১৫ থেকে ২০ জনের একটি ছিনতাইকারী গ্রুপ রয়েছে। পাহাড় কাটার সময় সে অস্ত্রবাজি করে বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।

সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, ‘২৪ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি ছিনতাই মামলার আসামি গ্রেপ্তারে আকবরশাহ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ওসমানকে গ্রেপ্তার করা হয়। এরপর জানতে পারি সে একজন শীর্ষ সন্ত্রাসী। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন