এখনো ভারত ষড়যন্ত্র বন্ধ করেনি: এ্যানি চৌধুরী
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এই পানি প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৃষ্টির পানি নয়, ভারতের সীমান্তের মধ্য দিয়ে এই পানি ফেনী-লক্ষ্মীপুরে এসে মেঘনা নদীতে প্রবাহিত হচ্ছে। এটি শুধু এই অঞ্চলের পানির প্রবাহ না, এগুলো ঢলের পানি। এটার সঙ্গে একটা ষড়যন্ত্র সম্পর্কিত আছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত দিনগুলোতেও ভারত থেকে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী কোন সহযোগিতা পায় নাই। তারা একটা সরকার ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে। আজ সেই সরকার গণ আন্দোলনের মুখে বিতাড়িত হয়েছে। কিন্তু এখনো ভারত ষড়যন্ত্র বন্ধ করেনি। বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে ষড়যন্ত্রের শিকার। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে যাচ্ছি। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
এ্যানি বলেন, বন্যা কবলিত এলাকায় প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভায় বিএনপির নেতাকর্মীরা টিম অনুযায়ী কাজ করছে। এছাড়া বিএনপির বাহিরেও সাধারণ মানুষ বিভিন্নভাবে এগিয়ে আসছে। সবশ্রেণি-পেশার মানুষদের নিয়ে একটা কন্ট্রোলরুম খোলা হয়েছে। তাদের মাধ্যমে প্রত্যেক এলাকায় ত্রাণ কার্যক্রম পৌঁছে দেওয়া হবে।
এসময় বিএনপি এবং অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।