রায়পুরে আরও এক জনের করোনা শনাক্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ মে, ২০২০ ১:৩৯ অপরাহ্ণ

রায়পুর সংবাদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নে চর বিকন্স ফিল্ড গ্রামে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২জন।

ওই যুবক ঢাকা থেকে করোনার লক্ষণ নিয়ে রায়পুরে আসে। পরে গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (৬ মে) রাতে সাড়ে ১১ টার দিকে পিসিআর ল্যাবে থেকে ওই যুবকের করোনা পজেটিভ আসে।তবে ২৯ এপ্রিল থেকেই ওই যুবকদের বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন বলেন, গত ২৯ এপ্রিল ওই যুবক ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে রায়পুরে আসার খবর পেয়ে তারসহ মোট ৬ জনের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয় এবং পুরো বাড়ি লকডাউন করা হয়। যার মধ্যে ৬ মে ওই যুবকের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বাকি ৫টি রিপোর্ট নেগেটিভ এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, শনাক্ত হওয়া ওই যুবক দীর্ঘদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিল। ঢাকা ভালো চিকিৎসকের কাছে না গিয়ে সে রায়পুরে গ্রামের বাড়িতে এসে চিকিৎসা নিচ্ছিলো। এমন খবরের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেনের সাথে কথা বলে তার বাড়িতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং লকডাউন ঘোষণা করা হয় তার বাড়ি। করোনা শানাক্ত হওয়ার পরও বর্তমানে যুবকের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার বাড়িতেই আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে রায়পুর কোভিড ১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। গত ৮ মার্চ এ ইউনিট খোলা হয়। গত ৪ মে রায়পুরে প্রথম (১৩) বছরের এক শিশুর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন